বাজেট শুরুর আগেই রণক্ষেত্র বিধানসভা! ‘ভারত মাতা কি জয়’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাল কক্ষ

২০২৬ সালের বাজেট অধিবেশনের শুরুতেই নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। বাজেট পেশের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কক্ষ। নির্ধারিত সময়কে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র সাড়ে চার মিনিট ভাষণ দিয়েই কক্ষত্যাগ করলেন রাজ্যপাল। বেরোনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
এদিন অধিবেশন শুরুর মুহূর্তে জাতীয় সঙ্গীত শেষ হতেই বিজেপি বিধায়করা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলতে থাকেন। পাল্টা তৃণমূল বিধায়করা ‘জয় বাংলা’ স্লোগানে কক্ষ ভরিয়ে দেন। এই স্লোগান-পাল্টা স্লোগানের মাঝেই রাজ্যপাল তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং উন্নয়নের প্রশংসা করেন। তবে পূর্ণাঙ্গ ভাষণ না পড়ে তিনি দ্রুত বেরিয়ে আসায় কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকার যে ‘মিথ্যা ভাষণ’ লিখে দিয়েছিল, রাজ্যপাল তা পুরোটা পড়েননি। রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দু তাঁকে লক্ষ্য করে হাততালি দেন এবং ‘অভিনন্দন’ জানান। বিরোধী শিবিরের মতে, রাজ্যপাল আসলে সরকারের দেওয়া অসত্য তথ্য এড়িয়ে গিয়েছেন। যদিও তৃণমূলের দাবি, রাজ্যপাল সরকারের উন্নয়নমূলক কাজের স্বীকৃতি দিয়েছেন। বাজেট পেশের ঠিক আগে রাজভবন ও নবান্নের এই ‘সখ্য’ এবং বিরোধীদের ‘সাবাশি’—সব মিলিয়ে বিধানসভার অলিন্দে এখন রহস্যের ঘনঘটা।