বলিউডে গায়কদের শোষণ! অরিজিতের বিদায় ঘোষণার মাঝেই বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ অভিজিৎ সাওয়ান্ত

ভারতীয় সংগীত জগতের বর্তমান মহাতারকা অরিজিৎ সিং কি বলিউডের অন্দরের নোংরা রাজনীতির শিকার? অরিজিতের প্লেব্যাক থেকে হঠাৎ বিরতি নেওয়ার ঘোষণায় যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই ইন্ডাস্ট্রির গোপন শোষণের কথা ফাঁস করে আগুনে ঘি ঢাললেন দেশের প্রথম রিয়্যালিটি শো জয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত। তাঁর অভিযোগ, বলিউড এমন এক মায়াজাল যেখানে গায়কদের আর্থিক নিরাপত্তা এবং প্রাপ্য রয়্যালটি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত রাখা হয়।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি করেন, বিদেশের সংগীত দুনিয়ায় মাত্র দুটি গান হিট করলেই একজন শিল্পী সারাজীবন রয়্যালটি দিয়ে রাজার মতো কাটাতে পারেন। কিন্তু ভারতে ছবি নির্মাতারা এমন এক ব্যবস্থা তৈরি করে রেখেছেন যাতে কোনো গায়ক কোনোভাবেই সিনেমার চেয়ে বড় না হয়ে উঠতে পারেন। তাঁর মতে, এ দেশে চলচ্চিত্র সংগীতের জন্য গায়করা আজও ন্যায্য রয়্যালটি পান না।
এই শোষণের জন্য গায়কদের একাংশকেও দায়ী করেছেন অভিজিৎ। তিনি জানান, বড় সুপারস্টারের ঠোঁটে নিজের কণ্ঠ দেওয়ার লোভে অনেক নতুন গায়ক নামমাত্র পারিশ্রমিক বা বিনা পয়সায় গান গেয়ে দেন। তাঁদের ধারণা, গানটি হিট হলে স্টেজ শো করে টাকা কামানো যাবে। আর এই দুর্বলতার সুযোগই নেয় বড় প্রোডাকশন হাউজগুলো। অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “দীর্ঘ সময় ধরে ভাবার পর প্রয়োজনীয় সাহস সঞ্চয় করে এই সিদ্ধান্ত নিলাম।” অরিজিতের মতো সাফল্যের শিখরে থাকা শিল্পীর এমন অভিমানী প্রস্থান এবং অভিজিতের এই বিস্ফোরক বয়ান কি বলিউডের সংগীত দুনিয়ায় কোনো বড় বদল আনবে? প্রশ্ন এখন সেটাই।