গ্রামে বিয়ে করার পুরুষ আছে, কিন্তু পাত্রী নেই! গণবিবাহে উপচে পড়া ভিড়, পুরুষদের আবেদন বন্ধ করল পঞ্চায়েত

গ্রামের তরুণ-তরুণীদের বিয়ের খরচ কমাতে গণবিবাহের আয়োজন করেছিল কেরালার কান্নুর জেলার পায়াভুর গ্রাম পঞ্চায়েত। কিন্তু বিয়ের জন্য পুরুষদের যে হারে আবেদন জমা পড়েছে, তাতে কার্যত তাজ্জব হয়ে গিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। শেষমেষ বাধ্য হয়ে পুরুষদের কাছ থেকে আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

‘পায়ভুর মঙ্গল্যম’ নামে এই কর্মসূচির লক্ষ্য হলো সব ধর্ম ও বর্ণের তরুণদের বিবাহে সহায়তা করা। বর্তমানে আর্থিক চাপ, সামাজিক প্রত্যাশার পরিবর্তন এবং ব্যক্তিগত পছন্দের কারণে অনেকেরই বিয়ে করা কঠিন হয়ে পড়ছে। এই কারণেই গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগ নেয়।

আবেদনপত্র গ্রহণ শুরু হওয়ার পর দেখা যায়, প্রায় ৩০০০-এর বেশি পুরুষ নাম নথিভুক্ত করেছেন। কিন্তু তার বিপরীতে মাত্র ২০০ জন মহিলা আবেদন করেছেন। এই বিশাল তারতম্যের কারণে পঞ্চায়েত সাময়িকভাবে পুরুষদের আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। এখন মহিলাদের কাছ থেকে আরও বেশি আবেদন গ্রহণের চেষ্টা চলছে।

পঞ্চায়েত সভাপতি সাজু জেভিয়ার জানান, কিছু আবেদন পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে, যা এই প্রকল্পের প্রতি আগ্রহের মাত্রা প্রমাণ করে। তিনি আরও বলেন, এই গণবিবাহের মূল লক্ষ্য হলো তরুণ দম্পতিদের আর্থিক বাধা কাটিয়ে উঠে নতুন জীবন শুরু করতে সহায়তা করা। এই অক্টোবরেই গণবিবাহের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।