হঠাৎই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি! একদিনে ৯ লক্ষ কোটি টাকা আয় করে এলন মাস্ককে টপকে গেলেন ৮০ বছরের বৃদ্ধ

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ককে (Elon Musk) এক মুহূর্তের জন্য হলেও ছাপিয়ে গেলেন ৮০ বছর বয়সী ধনকুবের ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বুধবার একদিনে ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা বেড়ে ৩৯৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর ফলে, তিনি সাময়িকভাবে এলন মাস্ককে টপকে যান।

ল্যারি এলিসন ওরাকল (Oracle) সফটওয়্যার সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। গত বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে ওরাকলের শেয়ারের দাম এক লাফে ৪০% বেড়ে প্রতি শেয়ারের দাম ৩৪০ ডলার হয়। ওরাকলে ল্যারি এলিসনের ৪১% শেয়ার রয়েছে। এই বিশাল অঙ্কের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় তার ব্যক্তিগত সম্পদ আকাশছোঁয়া হয়ে ওঠে। এর ফলে জুন মাসেই তিনি মার্ক জুকারবার্গ এবং জেফ বেজোসের মতো ধনকুবেরদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন।

১৯৪৪ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন ল্যারি এলিসন। তিনি মাত্র ৯ মাস বয়সেই নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং তাকে দত্তক নেওয়া হয়। ১৯৭৭ সালে তিনি ওরাকল প্রতিষ্ঠা করেন, যা এখন বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং-এর অন্যতম প্রধান সংস্থা। ২০১৪ সালে দীর্ঘ ৩৭ বছর সিইও থাকার পর তিনি পদত্যাগ করেন এবং বর্তমানে তিনি কোম্পানির চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে পাঁচবার বিয়ে ভেঙেছে ল্যারি এলিসনের। সম্প্রতি ৩৩ বছর বয়সী জোলিন ঝু-কে বিয়ে করেছেন তিনি। নিজের থেকে ৪৭ বছরের ছোট স্ত্রীকে বিয়ে করার কারণে তিনি আরও বেশি খবরের শিরোনামে এসেছেন।