RR vs GT: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কে? জেনে নিন IPL-এর প্লে-অফ নিয়ম

আজ আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। মুল্লানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে বিজয়ী দল সরাসরি ৩১ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলবে। কিন্তু ম্যাচের ঠিক আগে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পঞ্জাবের আবহাওয়া। বৃষ্টির আশঙ্কায় দোদুল্যমান এই হাই-ভোল্টেজ লড়াইয়ের ভবিষ্যৎ।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে? আইপিএল-এর প্লে-অফ নিয়ম অনুযায়ী, কোয়ালিফায়ার ২ এবং এলিমিনেটরের জন্য কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। ফলে ম্যাচ ভেস্তে গেলে তা সরাসরি ফাইনালিস্ট নির্ধারণের প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। আম্পায়াররা প্রথমে ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন। সেই সময়ের মধ্যে অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব হলে ‘ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন’ (DLS) পদ্ধতিতে ফলাফল বের করা হবে।
সুপার ওভার না হলে উপায় কী? যদি ৫ ওভারের ম্যাচও আয়োজন করা সম্ভব না হয়, তবে আইপিএল প্লেয়িং কন্ডিশনসের ধারা ১৬.১০.৩ অনুযায়ী, প্রথমে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের চেষ্টা করা হবে। প্রয়োজনে একাধিক সুপার ওভার হতে পারে। কিন্তু মাঠের পরিস্থিতির কারণে সুপার ওভারও যদি সম্ভব না হয়, তবে আইপিএল-এর নিয়ম অনুযায়ী লিগ টেবিলের পয়েন্ট অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হবে।
সুবিধা কার? লিগ টেবিলের দিকে তাকালে দেখা যায়, গুজরাত টাইটান্স ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল। অন্যদিকে, রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল। এই নিয়মে যদি আজ রাতে একটি বলও না হয় বা সুপার ওভার আয়োজন করা সম্ভব না হয়, তবে পয়েন্ট টেবিলের বিচারে শুভমন গিলের গুজরাত টাইটান্স সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ফলে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
আজকের এই ম্যাচে বৈভব সূর্যবংশীর প্রতিভা এবং শুভমন গিলের কৌশলী নেতৃত্ব—দুজনের ওপরই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে এখন দেখার বিষয়, প্রকৃতি শেষ পর্যন্ত খেলার সুযোগ দেয় কি না, নাকি নিয়মের কড়াকড়িতেই নির্ধারিত হয়ে যায় ফাইনালের ভাগ্য।