‘I Love Muhammad’ বনাম ‘I Love Mahadev’, মুসলিমদের পাল্টা আন্দোলন শুরু হিন্দুদের

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ‘I Love Muhammad’ লেখা প্ল্যাকার্ড হাতে মুসলিম সম্প্রদায়ের মানুষের মিছিল ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের কানপুর থেকে শুরু হয়ে এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়েছে কৌশাম্বী, লখনউ, মহারাজগঞ্জ, তেলঙ্গানার হায়দরাবাদ ও উত্তরাখণ্ডের কাশীপুরের মতো শহরগুলোতে। এই মিছিলকে কেন্দ্র করে কিছু অঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে পাল্টা ভাইরাল হয়েছে ‘I Love Mahadev’ লেখা পোস্টার, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সূত্রপাত কানপুরে
গত ৪ সেপ্টেম্বর ইদ মিলাদ-উল-নবি উৎসবের সময় কানপুরের রওয়াতপুরে প্রথম ‘I Love Muhammad’ লেখা পোস্টার দেখা যায়। স্থানীয় হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে অবিলম্বে এর বিরোধিতা করা হয়। তাদের অভিযোগ, যে এলাকায় রাম নবমীর মতো উৎসব হয়, সেখানে ইচ্ছাকৃতভাবে মুসলিমরা এই ধরনের পোস্টার নিয়ে পথে নেমেছে। মুসলিমদের দাবি, এই আন্দোলন কেবল হজরত মহম্মদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ তোলে।

আন্দোলন এবং বিতর্ক
সোশ্যাল মিডিয়ায় #ILoveMuhammad হ্যাশট্যাগটি দ্রুত ভাইরাল হয়। বহু নেটিজেন তাদের প্রোফাইল পিকচার বদলে এই স্লোগান শেয়ার করতে শুরু করেন। এ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয় বিতর্ক। এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “I Love Muhammad বলা কোনো অপরাধ নয়, এটি সংবিধানের ২৫ ধারা অনুযায়ী প্রত্যেকের মৌলিক অধিকার।”

তবে এই আন্দোলন আরও বেশি বিতর্কের জন্ম দেয় যখন ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের নেতা নাফেসের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি কানপুর কিলা পুলিশ স্টেশনের ইনচার্জকে ‘I Love Muhammad’ পোস্টার সরালে তার হাত কেটে নেওয়ার হুমকি দেন। এরপরই নাফেসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে।

হিন্দুদের পাল্টা আন্দোলন
‘I Love Muhammad’ আন্দোলনের প্রতিবাদে এবার পাল্টা পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বারাণসীতে ধর্মীয় গুরুরা মিছিল করে শহর প্রদক্ষিণ করেন, যেখানে তাদের হাতে ছিল ‘I Love Mahadev’ লেখা ব্যানার ও পোস্টার।

জগৎগুরু শঙ্করাচার্য নরেন্দ্রনন্দের অভিযোগ, ‘I Love Muhammad’ আন্দোলনটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই করা হচ্ছে। তিনি বলেন, “ধর্মীয় ভাবাবেগের আড়ালে এটি আসলে উস্কানি দিচ্ছে এবং সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।”

এই বিতর্ক শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ের মতো শহরেও। মুম্বাইয়ের মালভানির মুসলিম অধ্যুষিত এলাকার নেতারা কানপুরের ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে #ILoveMahadev এবং #ILoveRam হ্যাশট্যাগ দুটি ট্রেন্ড করছে। হাজার হাজার ব্যবহারকারী ভগবান শিব, রাম এবং গণেশের ছবি পোস্ট করে নিজেদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, “এবার হিন্দু ঐক্য দেখানোর পালা।” এই স্লোগানগুলোর পাশাপাশি ‘হর হর মহাদেব’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগানও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।