“প্রতি ৫ কিমি অন্তর সেবাকেন্দ্র,হবে পুষ্পবৃষ্টি”-তারকেশ্বর মেলা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শ্রাবণ মাসে তারকেশ্বরগামী লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাত্রাপথকে আরও নিরাপদ ও আরামদায়ক করতে বড়সড় পরিকল্পনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার আসন্ন রথযাত্রা ও শ্রাবণ মেলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এতদিন রাজ্য সরকার শুধুমাত্র ট্রাফিক পুলিশ মোতায়েন করেই দায় সারত, কিন্তু এবার থেকে পুণ্যার্থীদের জন্য বিশেষ সরকারি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুর্ণ্যার্থীদের জন্য কী কী বিশেষ ব্যবস্থা? শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে পুণ্যার্থীদের সুবিধার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে:

  • প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র: সম্পূর্ণ রুটে প্রতি ৫ কিলোমিটার অন্তর অস্থায়ী সরকারি ক্যাম্প খোলা হবে।

  • চিকিৎসা ও বিশ্রাম: ক্যাম্পগুলোতে থাকবে টেম্পোরারি মেডিকেল ক্যাম্প, যেখানে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।

  • রিফ্রেশমেন্ট: পুণ্যার্থীদের ক্লান্তি দূর করতে থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা, পর্যাপ্ত জল এবং ওআরএস (ORS)-এর ব্যবস্থা।

  • পুলিশি সহায়তা: প্রতিটি পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশি সহায়তার ব্যবস্থা থাকবে।

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের ‘কানওয়ার যাত্রা’-র আদলে এবার থেকে প্রতি সোমবার হেলিকপ্টারের মাধ্যমে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি করা হবে। এটি পুণ্যার্থীদের উৎসাহিত করতে এবং যাত্রাকে আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ।

তারকেশ্বর মন্দিরের উন্নয়নে বরাদ্দ: আগামিকাল, ১৪ জুলাই মুখ্যমন্ত্রী নিজে তারকেশ্বরে গিয়ে প্রস্তুতির খতিয়ান নেবেন। তিনি জানান, তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমানে ১৫ কোটি টাকার কাজ চলছে, যার ফলে এ বছর পুণ্যার্থীরা আরও উন্নত পরিষেবা পাবেন।