ভক্তের প্ল্যাকার্ড পড়তে জুম করলেন মোবাইল! মঞ্চে ডেকে অরিজিতের গান গাওয়ানোয় আবেগঘন নেটপাড়া

আকাশছোঁয়া সাফল্য এবং বিশ্বজোড়া খ্যাতি—তবুও তিনি মাটির কাছাকাছি। জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং কেন তাঁর ভক্তদের কাছে শুধুমাত্র একজন গায়ক নন, বরং ‘ভগবান’ সমতুল্য, তা তিনি আবারও প্রমাণ করলেন তাঁর বিনম্র আচরণের মাধ্যমে। অনাড়ম্বর জীবনযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক সহজাত ক্ষমতা রয়েছে তাঁর, যার জন্য তিনি বারবার খবরের শিরোনামে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক মন ভালো করা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা অরিজিৎ ভক্তদের আবেগে ভাসিয়ে দিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপচে পড়া ভিড়ের মাঝে মঞ্চে পারফর্ম করছেন অরিজিৎ সিং। গান গাইতে গাইতেই হঠাৎ তাঁর নজর যায় দূর সীমানায় দাঁড়িয়ে থাকা এক অনুরাগীর দিকে। ভক্তের হাতে ছিল একটি প্ল্যাকার্ড, কিন্তু দূরত্বের কারণে লেখাটি অরিজিতের পক্ষে পড়া সম্ভব হচ্ছিল না। গান থামিয়েই অরিজিৎ তাঁর হাতের তালু দুটিকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে ইশারায় বোঝানোর চেষ্টা করেন যে, তিনি লেখাটি দেখতে পাচ্ছেন না।

ভক্তের মনের কথা না পড়ে কি থাকা যায়? গায়ক সোজা চলে যান স্টেজের একধারে এবং সামনে থাকা দর্শকদের কাছ থেকে একটি মোবাইল ফোন চেয়ে নেন। এরপর সেই ফোনের ক্যামেরা অন করে, ডিজিটাল জুম ব্যবহার করে অবশেষে পড়ে ফেলেন সেই দূর প্রান্তের ভক্তের মনের আকুতি। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘My Dream Is To Sing With Arijit Singh’ (আমার স্বপ্ন অরিজিৎ সিংয়ের সঙ্গে গান গাওয়া)।

প্ল্যাকার্ডের লেখা পড়েই আর এক মুহূর্ত দেরি করেননি অরিজিৎ। মাইক হাতে নিয়েই সেই যুবকের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “কোন গান গাইতে চাও তুমি? যে কোনও গান? এই গানটা গাইবে? তাহলে আসো।” এরপর ইশারায় সেই ভক্তকে সোজা মঞ্চের সামনে ডেকে নেন তিনি। দুজনে মিলে গলা মেলান ‘ডানকি’ ছবির জনপ্রিয় গান ‘ও মাহি’-তে। প্রিয় তারকার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে স্বভাবতই আপ্লুত সেই যুবক।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে। একজন অনুরাগী লিখেছেন, “ঠিক এই কারণেই সবাই অরিজিৎ সিংকে এত ভালোবাসে।” অপর একজন লিখেছেন, “সত্যিই সেই যুবক খুব ভাগ্যবান।” আবার অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, “দাদা তুমি অনন্য। আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন তোমায় নিজের চোখের সামনে দেখব।”

২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান দিয়ে যে জয়যাত্রা শুরু হয়েছিল, গত এক দশকে ৮০০-রও বেশি গান গেয়ে অরিজিৎ ভারতীয় সংগীতের ইতিহাসে মাইলফলক তৈরি করেছেন। চলতি বছরেই প্লে-ব্যাক থেকে আংশিক অবসরের ঘোষণা করে তিনি ভক্তদের মন ভেঙেছিলেন। তবে আশার কথা এই যে, তিনি তাঁর লাইভ কনসার্ট এবং ইন্ডিপেনডেন্ট মিউজিকের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা জারি রেখেছেন। আর এই লাইভ মঞ্চের ম্যাজিকই আবারও প্রমাণ করে দিল, কেন অরিজিৎ সিং সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন।