রথযাত্রা নিয়ে বিতর্ক চরমে! ইসকনের বিরুদ্ধে ‘ভ্রান্ত তথ্য’ ছড়ানোর অভিযোগ

রথযাত্রার মতো পবিত্র উৎসবের সময়কাল নিয়ে তৈরি হলো বড়সড় বিতর্ক। বিদেশে অসময়ে রথযাত্রার আয়োজন এবং এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকনের (ISKCON) তীব্র সমালোচনা করলেন পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব।

বিতর্কের সূত্রপাত: পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) স্পষ্ট অবস্থান হলো, হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা হওয়া উচিত। কিন্তু ইসকনের দাবি, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সারা বছরই সুবিধামতো সময়ে রথযাত্রার আয়োজন করতে পারে। এই বিতর্কের মাঝে ইসকনের একটি প্রেস বিজ্ঞপ্তি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রথযাত্রার সময় নিয়ে পুরীর পণ্ডিতদের সাথে ইসকনের পণ্ডিতদের যে বিতর্ক হয়েছিল, তাতে পুরীর প্রতিনিধিরা পরাজিত হয়েছেন।

গজপতি মহারাজের প্রতিক্রিয়া: রবিবার এই দাবির পরিপ্রেক্ষিতে গজপতি মহারাজ দিব্যসিংহ দেব সরাসরি তোপ দাগেন। তিনি বলেন, “ইসকনের মুম্বাই শাখা থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পুরীর পণ্ডিতরা কোনো বিতর্কে হারেননি। ইসকন এখন মনগড়া গল্প ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি আরও জানান, ইসকনের গভর্নিং বডি কমিশনকে (GBC) আগেই সতর্ক করা হয়েছিল যে, নির্ধারিত সময়ের বাইরে রথযাত্রা আয়োজন করা মানে ঐতিহ্যের সঙ্গে বিচ্যুতি। শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন এই বিষয়ে খুব শীঘ্রই কড়া জবাব দেবে বলেও জানিয়েছেন তিনি।

ইসকনের ওডিশা শাখার অবস্থান: পুরীর মহারাজের ক্ষোভের পর ইসকনের ওডিশা শাখার আঞ্চলিক সম্পাদক বনমালী দাস বিনম্রভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “মহারাজের মনে কষ্ট হলে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ওডিশার ইসকন শাখা পুরীর ঐতিহ্য মেনেই রথযাত্রা পালন করে। বিদেশের কর্মসূচির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।” তিনি আরও জানান, এ বছর সংযুক্ত আরব আমিরশাহিতেও ভারতের দিনক্ষণ মেনেই ১৬ জুলাই রথযাত্রার আয়োজন করা হয়েছে।