মেট্রোয় রিলস দেখছেন? হেডফোন ছাড়া বিপদ! চেন্নাইয়ের মতোই কি নিয়ম আসছে কলকাতায়?

ডিজিটাল মিডিয়ার যুগে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় মোবাইলে রিলস দেখা বা গান শোনা যেন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু ইয়ারফোন বা হেডফোন ব্যবহার না করার কারণে আশেপাশের সহযাত্রীরা যে সমস্যার সম্মুখীন হন, তা নিয়ে বার বার অভিযোগ উঠেছে। এই সমস্যার সমাধানে এবার কঠোর পদক্ষেপ নিল চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)।
নতুন নিয়ম ও জরিমানা: চেন্নাই মেট্রো কর্তৃপক্ষের তরফে জারি করা নতুন নিয়ম অনুযায়ী, মেট্রোর কামরায় বা স্টেশন চত্বরে হেডফোন ছাড়া জোরে ভিডিয়ো বা গান চালালে এখন থেকে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার অঙ্ক ছিল ৫০০ টাকা। শুধু আর্থিক জরিমানা নয়, নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট যাত্রীকে মেট্রো চত্বর থেকে বের করে দেওয়ার অধিকারও রয়েছে কর্তব্যরত আধিকারিকদের।
চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছে, সহযাত্রীদের কথা মাথায় রেখে ব্যক্তিগত বিনোদনের সময় হেডফোন ব্যবহার করতে এবং কামরার ভেতর জোরে কথা বলা থেকে বিরত থাকতে।
কলকাতার কী অবস্থা? চেন্নাইয়ের এই কড়া পদক্ষেপের পর প্রশ্ন উঠছে, কলকাতাতেও কি এমন নিয়ম জারি হতে পারে? এ বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানিয়েছেন, “এ বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানানো হবে।”
কেন এই নিয়ম? যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও শান্তিপূর্ণ করতেই চেন্নাই মেট্রো এই নিয়ম চালু করেছে। কিছুদিন আগেই তারা নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ ভ্রমণের লক্ষ্যে একটি প্রচার চালিয়েছিল। সেই প্রচারের মাধ্যমেই যাত্রীদের এসকেলেটর ব্যবহারের সঠিক নিয়ম, প্ল্যাটফর্মে হলুদ লাইনের বাইরে থাকা এবং ট্রেনে ওঠার সময় নামার যাত্রীদের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলোতে সচেতন করা হয়েছিল।