‘চরম বিপদের মুখে দু’শো পরিবার’! বাঁকুড়ার ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধের পর গেটে প্রবল বিক্ষোভ শ্রমিকদের

ফের কারখানা বন্ধের ভ্রূকুটি দেখা দিল বাঁকুড়ার শিল্পাঞ্চলে। উৎপাদন বন্ধ করে দেওয়ার পর এবার শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে দিল কর্তৃপক্ষ। এমন একতরফাভাবে ধাপে ধাপে কারখানা বন্ধের প্রতিবাদে তীব্র আন্দোলনে নামলেন কারখানার শ্রমিকেরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নিরিশা গ্রামে অবস্থিত একটি বেসরকারি ইস্পাত কারখানায়।

নিরিশা গ্রামে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলে আসা এই বেসরকারি ইস্পাত কারখানায় এতদিন এলাকার দু’শোরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। কিন্তু মাস দুয়েক আগে থেকে লোকসানের কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপরেও উৎপাদন জারি ছিল। দিন চারেক আগে কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা চরম দুশ্চিন্তায় পড়েন।

হাজিরা খাতা সরিয়ে দেওয়ায় চূড়ান্ত ক্ষোভ
আজ সকালে কারখানার শ্রমিকেরা অন্যান্য দিনের মতো কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে থাকা শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। এতেই শ্রমিকদের মধ্যে জমে থাকা ক্ষোভ আছড়ে পড়ে।

আইএনটিটিইউসি (INTTUC) ও সিআইটিইউ (CITU) সহ একাধিক শ্রমিক সংগঠনের শ্রমিকেরা সম্মিলিতভাবে কারখানার গেটে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন।

শ্রমিকদের দাবি, দু’মাসের বেতন বকেয়া থাকা সত্ত্বেও তাঁরা কারখানায় কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এমন একতরফাভাবে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা চরম বিপদের মুখে পড়লেন। অবিলম্বে কারখানা চালু করে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন বা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।