সুস্থ থাকতে বীজের শক্তি! জেনে নিন কোন বীজে কী উপকার

বীজ, ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। বিভিন্ন ধরনের বীজ ফাইবারের চমৎকার উৎস। এছাড়াও এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট এবং অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের বীজ যোগ করলে যেমন শরীরের শক্তি বাড়ে, তেমনই অনেক রোগ থেকেও দূরে থাকা যায়। বীজ খাওয়ার কিছু উল্লেখযোগ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:

চিয়া বীজ: ওমেগা-৩ এর ভাণ্ডার: চিয়া বীজ প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে। ২৮ গ্রাম চিয়া বীজে প্রায় ১৩৭ ক্যালোরি, ১০.৬ গ্রাম ফাইবার, ৪.৪ গ্রাম প্রোটিন এবং ৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাট থাকে। এই বীজ রক্তে শর্করার মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়ক। হজমের সমস্যা দূর করতেও চিয়া বীজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।

তিল বীজ: খনিজ সমৃদ্ধ: ছোট তিল বীজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, আমাদের সুস্থ থাকতেও সাহায্য করে। এটি ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস। ১ আউন্স তিলের বীজে প্রায় ১৬০ ক্যালোরি, ৩.৩ গ্রাম ফাইবার, ৫ গ্রাম প্রোটিন, ৫.৩ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ৬ গ্রাম ওমেগা-৬ ফ্যাট পাওয়া যায়। তিল বীজ লিগন্যানের একটি বড় উৎস, যা হরমোন নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও এটি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও কার্যকর।

কুমড়ার বীজ: ত্বক ও হৃদরোগের রক্ষাকবচ: কুমড়ার বীজ ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রনের একটি চমৎকার উৎস। ২৮ গ্রাম বীজে প্রায় ১৫১ ক্যালোরি, ১.৭ গ্রাম ফাইবার, ৭ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ৬ গ্রাম ওমেগা-৬ ফ্যাট মেলে। কুমড়ার বীজে স্কোয়ালিন এবং ভিটামিন ই থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে পারে। জিঙ্কের একটি ভালো উৎস হওয়ায় এটি ব্রণ প্রতিরোধে এবং কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং ভালো ঘুমে সহায়তা করে।

সূর্যমুখীর বীজ: ভিটামিন ই এর উৎস: সূর্যমুখীর বীজ প্রচুর পরিমাণে ভিটামিন ই সরবরাহ করে, যা আমাদের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়াও এটি উৎকৃষ্ট মানের প্রোটিন ও মনোস্যাচুরেটেড ফ্যাটের উৎস। ২৮ গ্রাম সূর্যমুখীর বীজে প্রায় ১৬৪ ক্যালোরি, ২.৪ গ্রাম ফাইবার, ৫.৮ গ্রাম প্রোটিন, ৫.২ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ৬.৪ গ্রাম ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। সূর্যমুখীর বীজ প্রদাহ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এতে লিনোলিক, ওলিক এবং পামিটিক অ্যাসিডের মতো ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে সুস্থ রাখে।

ফ্ল্যাক্স সিড: ওমেগা-৩ ও ফাইবারের পাওয়ার হাউস: ফ্ল্যাক্স সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারের একটি দারুণ উৎস। অন্যান্য পুষ্টি উপাদানেও ভরপুর এই বীজ। ২৮ গ্রাম ফ্ল্যাক্স সিডে প্রায় ১৫২ ক্যালোরি, ৭.৮ গ্রাম ফাইবার, ৫ গ্রাম প্রোটিন, ২.১ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট, ৬.৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ১.৭ গ্রাম ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডসহ থায়ামিন, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ফ্ল্যাক্স সিডে থাকা কিছু ফ্যাটি অ্যাসিড দীর্ঘমেয়াদে ত্বকের স্বাস্থ্য ফেরাতে পারে। কোলেস্টেরল, রক্তচাপের পাশাপাশি ক্যানসারের ঝুঁকি কমাতেও এই বীজ কার্যকর।

পোস্তদানা: হাড়ের স্বাস্থ্য রক্ষাকারী: হাড়ের স্বাস্থ্য বজায় রাখা এবং শরীরে শক্তি যোগানোর জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম পাওয়া যায় পোস্তদানা বা পপি সিড থেকে। এছাড়াও এতে প্রচুর ফাইবার থাকে, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।

প্রতিদিনের খাদ্যতালিকায় এই বিভিন্ন ধরনের বীজ অন্তর্ভুক্ত করে আপনি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারেন এবং অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাই আর দেরি না করে আজ থেকেই আপনার ডায়েটে বীজ যোগ করুন।