বিশ্ব র্যাঙ্কিংয়ে ধাক্কা খেল ভারত! আইআইটি-গুলোতে শিক্ষক সংকট কি বড় পতন ডেকে আনছে?

QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ ভারতের কোনো বিশ্ববিদ্যালয় প্রথম ১০০-র তালিকায় জায়গা পায়নি। আইআইটি দিল্লি ১১৮ এবং আইআইটি বম্বে ১৩৪ তম স্থানে নেমে যাওয়ায় শিক্ষামহলে উদ্বেগ বেড়েছে। এই ক্রমাবনতির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আইআইটি-গুলোতে ব্যাপক শিক্ষক সংকট। দেশের ২৩টি আইআইটি মিলিয়ে মোট ১২,৪৯৮টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে ৩৮.৪ শতাংশ বা ৪,৮০৪টি পদই বর্তমানে খালি।
তথ্য অনুযায়ী, আইআইটি পাটনা (৫৪.৬%) এবং আইআইটি খড়গপুর (৫১.৩%)-এ শিক্ষক সংকট সবচেয়ে বেশি। অথচ ২০২৮-২৯ সালের মধ্যে প্রায় ৬,৫০০ নতুন আসন যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে এই প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞ মহলের মতে, একদিকে যেমন ক্যাম্পাস সম্প্রসারণ হচ্ছে, অন্যদিকে শিক্ষক নিয়োগের কঠোর নিয়ম ও গবেষণামূলক কাজের জন্য উপযুক্ত পিএইচডি ডিগ্রিধারীদের অভাব এই পরিস্থিতি তৈরি করেছে। আইআইটিগুলোর ডিরেক্টররা জানিয়েছেন যে, মাল্টিন্যাশনাল আরঅ্যান্ডডি ল্যাব এবং স্টার্টআপগুলোর সাথে বেতনের প্রতিযোগিতায় মেধাবী শিক্ষকদের ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইআইটিগুলো নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার কাজ শুরু করেছে। বিশ্বের দরবারে ভারতের উচ্চশিক্ষার মান ধরে রাখতে শীঘ্রই এই শূন্যপদ পূরণই এখন বড় চ্যালেঞ্জ।