বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের প্রাক্তন স্বামী তথা কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার আবারও খবরের শিরোনামে। বিবাহবিচ্ছেদের দীর্ঘ দুবছরের মাথায় ফের ছাদনাতলায় গেলেন তিনি। সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী নিধা ভাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন মহসিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করে মহসিন তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে মহসিন ও নিধাকে অত্যন্ত সুখী দেখাচ্ছে। ছবির ক্যাপশনে মহসিন তাঁর মনের কথা উজাড় করে দিয়েছেন। তিনি লিখেছেন, “বিশুদ্ধ উদ্দেশ্য, খাঁটি ভালোবাসা, এবং ধৈর্য ও কৃতজ্ঞতায় পূর্ণ একটা হৃদয়।” তিনি আরও যোগ করেন, “তোমার আত্মাকে পবিত্র রাখো। এই পথে নিজেকে সারিয়ে তোলো এবং বিশ্বাস রাখো যে আল্লাহর বিধানই সর্বদা সর্বোত্তম। নিখুঁত সময়ে, তিনি আমাকে তোমার আন্তরিকতা দিয়ে পুরস্কৃত করেছেন। তুমি আমার জীবনে আলো এনেছ। ধন্যবাদ আমার ভালোবাসা।” এই আবেগঘন বার্তার পাশাপাশি তিনি প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি।
উল্লেখ্য, কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন আখতারের সঙ্গে ঊর্মিলা মাতন্ডকারের বিয়ে হয়েছিল ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। মণীশ মালহোত্রার মাধ্যমে আলাপ হওয়া এই দম্পতির বিয়ের সময় বয়সের পার্থক্যের কারণেও বেশ চর্চা হয়েছিল। ঊর্মিলার চেয়ে মহসিন ১০ বছরের ছোট ছিলেন। তবে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের ইতি ঘটে ২০২৪ সালে। সে বছরই মুম্বইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন ঊর্মিলা এবং আইনত তাঁরা আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের প্রকৃত কারণ নিয়ে দুই তারকাই চিরকাল মুখে কুলুপ এঁটেছিলেন।
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় কাটিয়ে মহসিন যে ফের নিজের জীবনে সুখ খুঁজে পেয়েছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। অনুরাগীরাও তাঁদের এই নতুন জীবন নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জীবনের এক কঠিন বাঁক পেরিয়ে এসে, মহসিন আখতার এখন নতুন সঙ্গীর হাত ধরে আগামী দিনের স্বপ্ন বুনছেন।





