বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল মনোজ বাজপেয়ীর ‘গভর্নর’, প্রথম দিনের আয় শুনলে অবাক হবেন!

বলিউডের শক্তিশালী অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ ১২ জুন, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নব্বইয়ের দশকের ভারতের অর্থনৈতিক সংকট এবং তৎকালীন আরবিআই গভর্নর এস. ভেঙ্কটরামাননের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। কিন্তু মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছবিটি বড়সড় ধাক্কা খেল।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ১৪২৭টি স্ক্রিনে মুক্তি পেলেও প্রথম দিনে ছবিটি মাত্র ৯০ লক্ষ টাকার নেট কালেকশন করেছে। গ্রস কালেকশনের হিসেবে আয় ১.০৮ কোটি টাকা হলেও, মুক্তির প্রথম দিনে ছবিটির এই পারফরম্যান্স বেশ হতাশাজনক। একই দিনে অন্যান্য একাধিক ছবি মুক্তি পাওয়ায় তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে ছবিটিকে।

পরিচালক চিন্ময় ডি. মাণ্ডলেকারের এই রাজনৈতিক থ্রিলারটিতে মনোজ বাজপেয়ীর অভিনয় প্রশংসিত হলেও, বক্স অফিসের লড়াইয়ে ছবিটি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। উল্লেখ্য, এর আগে ‘আলিগড়’ বা ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’-এর মতো বায়োপিকে মনোজ বাজপেয়ীর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। বর্তমানে মনোজের ঝুলিতে ‘ঘুষখোর পণ্ডীত’ ও ‘পুলিশ স্টেশন মে ভূত’-এর মতো ছবি রয়েছে। এখন দেখার বিষয়, উইকেন্ডে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কি না।