প্রেমের ফাঁদে বনি-অঙ্গনা! প্রকাশ্যে ‘প্রেম শটস’-এর টিজার, অনস্ক্রিন রসায়নে মজে নেটপাড়া

রবি ঠাকুর গেয়েছিলেন, ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে…’। সেই চিরন্তন সত্যকেই নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরতে আসছে জি-ফাইভ অরিজিনালস সিরিজ ‘প্রেম শটস’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনার সৃষ্টি করেছে। এই সিরিজের হাত ধরেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে পা রাখছেন জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। আর তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলি ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড ও প্রতিভাবান অভিনেত্রী অঙ্গনা রায়।
টিজারের শুরু থেকেই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত এক রহস্যময় ও আকর্ষণীয় বাতাবরণ তৈরি করেছেন। গল্পের প্লট বেশ চমকপ্রদ। বনি ও অঙ্গনার চরিত্রগুলোকে দেখা যাচ্ছে গাঁজার ব্যবসা করার পরিকল্পনা করতে। সম্পর্কের এই অদ্ভুত মোড় দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। টিজারের দৃশ্য থেকে স্পষ্ট, বনির জীবনে একাধিক নারী থাকলেও, অঙ্গনার সাথেই তাঁর গভীর ও গভীরতর কানেকশন ফুটে উঠেছে। তাঁদের রসায়ন যেমন মাখোমাখো, তেমনই উষ্ণ। বারবার দেখা করা, একে অপরের বাহুলগ্না হওয়া এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো সিরিজের টেম্পো বুঝিয়ে দিচ্ছে। তবে গল্পের সমীকরণ এখানেই শেষ নয়। বনির চরিত্রের সাথে শ্রেয়া গুপ্তর সম্পর্কের সমীকরণ ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন পরিচালক। সব প্রশ্নের উত্তর পেতে দর্শকদের চোখ রাখতে হবে জি-ফাইভে।
সিরিজের টিজার মুক্তি পাওয়ার পর উচ্ছ্বসিত পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে দর্শকদের কাছে ‘প্রেম শটস’-এর ঝলক পৌঁছে দিতে পেরেছি। এই গল্পে কেবল প্রেম নয়, বরং আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং আধুনিক সম্পর্কের জটিলতাগুলোকেও সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বনি ও অঙ্গনার দুর্দান্ত কেমিস্ট্রির পাশাপাশি শ্রেয়া গুপ্তের এনার্জি সিরিজটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও আমরা কলকাতাকে একদম অন্যভাবে পর্দায় দেখার সুযোগ করে দিয়েছি। আশা করছি, আজকের প্রজন্ম নিজেদের গল্পের সঙ্গে এই সিরিজটিকে পুরোপুরি মেলাতে পারবে।”
‘রমকম’ বা রোমান্টিক কমেডি ঘরানার এই সিরিজে কেবল বনি ও অঙ্গনা নন, আরও বেশ কিছু চমকপ্রদ নাম রয়েছে। মূল চরিত্রে অভিনয় করছেন দেবদত্ত রাহা, শ্রেয়া গুপ্ত এবং শিঞ্জিনী চক্রবর্তীর মতো কুশীলবরা। অঙ্গনার বোল্ড লুক এবং বনির একেবারে নতুন ঘরানার চরিত্রটি দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সম্পর্কের জটিলতা, কলকাতার অলিগলি আর টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি কবে মুক্তি পাচ্ছে, তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শককুল।