জিভে জল আনা কিন্তু ওজন বাড়াবে না! বাঁধাকপি দিয়ে তৈরি মাংসের রোল ট্রাই করেছেন?

স্বাস্থ্যসচেতন অথচ মুখরোচক খাবারের খোঁজ করছেন? ময়দা বা তেলের ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন পুষ্টিকর ‘ক্যাবেজ মিট রোল’। এটি একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে স্বাস্থ্যকর। যারা ডায়েট করছেন, তাদের জন্য এটি সেরা স্ন্যাকস হতে পারে।

প্রয়োজনীয় উপকরণ:
বড় বাঁধাকপির পাতা ৬-৭টি, রান্না করা মাংসের টুকরো, পেঁয়াজ কুচি ১/২ কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, সামান্য তেল, গোলমরিচ, লবণ, ধনেপাতা কুচি এবং সালাদ ড্রেসিং। ডিপিং সসের জন্য ডার্ক সয়া সস, সামান্য পানি ও ব্রাউন সুগার প্রয়োজন।

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে পানি গরম করে বাঁধাকপির পাতাগুলো ৩-৪ মিনিট সেদ্ধ করে ঠান্ডা হতে দিন। অন্যদিকে, কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। তাতে একে একে সালাদ ড্রেসিং, টমেটো সস ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। এবার সেদ্ধ করা বাঁধাকপির পাতা বিছিয়ে তার ভেতরে মাংসের পুর দিয়ে সুন্দর করে রোল করে নিন। সবশেষে সয়া সস, পানি ও ব্রাউন সুগার জ্বাল দিয়ে তৈরি করা ডিপিং সসের সাথে গরম গরম পরিবেশন করুন এই স্বাস্থ্যকর রোল।