কাঁদলেই কি মন হালকা হয়? জানুন চোখের জলের নেপথ্যের আসল বিজ্ঞান!

আমরা অনেকেই কান্নাকে দুর্বলতা হিসেবে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, কান্না কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়, এটি মানসিক চাপ থেকে মুক্তির একটি শক্তিশালী প্রাকৃতিক উপায়। আবেগপূর্ণ কান্নার সময় আমাদের চোখ থেকে যে জল পড়ে, তাতে স্ট্রেস হরমোন ও বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হয়। ফলে শরীর ভেতর থেকে অনেকটাই হালকা হয়ে যায়।
কান্নার সময় শরীর ‘ফাইট-অর-ফ্লাইট’ মুড থেকে বেরিয়ে আসে এবং ‘প্যারাসিমপ্যাথেটিক’ স্নায়ুতন্ত্র সক্রিয় হয়। এতে হৃদস্পন্দন স্বাভাবিক হয়, শ্বাস-প্রশ্বাস ধীর হয় এবং শরীর এক গভীর প্রশান্তির অবস্থায় পৌঁছায়। হার্ভার্ড হেলথের তথ্য অনুযায়ী, কান্না আমাদের কঠিন আবেগগুলো থেকে মুক্তি পাওয়ার একটি ‘সেফটি ভালভ’। কান্না চেপে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাড়ে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি। এছাড়া কান্না সামাজিক বন্ধন সুদৃঢ় করে এবং আপনজনদের কাছ থেকে সহানুভূতি পেতে সাহায্য করে।
তবে মনে রাখবেন, যদি কান্নার আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করে, তবে তা বিষণ্ণতার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাই কান্নাকে ভয় না পেয়ে, মন খুলে কাঁদুন—এটি আপনার সুস্থতার জন্য একান্ত জরুরি।