আইপিএল ২০২৬-এর উত্তাপ এবার পৌঁছেছে নিজামের শহরে। আজ, ২১ এপ্রিল টুর্নামেন্টের ৩১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হতে চলা এই ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ঈশান কিষানের হায়দ্রাবাদ লক্ষ্য রাখছে জয়ের হ্যাটট্রিকে, অন্যদিকে দিল্লি মুখিয়ে আছে হায়দ্রাবাদকে টপকে টেবিলের ওপরে উঠতে।
পয়েন্ট টেবিলের লড়াই:
চলতি মরসুমে এখনও পর্যন্ত ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। গত দুই ম্যাচে টানা জিতে বেশ ছন্দে রয়েছে অরেঞ্জ আর্মি। ঠিক তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। আজকের ম্যাচে জিতলেই পয়েন্টের বিচারে হায়দ্রাবাদকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে অক্ষর প্যাটেলদের সামনে।
ব্যাটিং বনাম বোলিংয়ের দ্বৈরথ:
হায়দ্রাবাদের ব্যাটিং লাইন-আপ এবার বিধ্বংসী ফর্মে রয়েছে। অরেঞ্জ আর্মির হয়ে হেনরিখ ক্লাসেন (২৮৩ রান) এবং ঈশান কিষান (২১৩ রান) রানের পাহাড় গড়ছেন। বোলিংয়ে নজর কাড়ছেন এশান মালিঙ্গা ও সাকিব হুসেন। অন্যদিকে, দিল্লির ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন ট্রিস্টান স্টাবস (১৬৯ রান)। বোলিং বিভাগে লুঙ্গি এনগিডির গতির ওপর অনেকখানি নির্ভর করবে দিল্লি শিবির।
পরিসংখ্যান ও পিচ রিপোর্ট:
আইপিএলের ইতিহাসে এই দুই দল মোট ২৬ বার মুখোমুখি হয়েছে। লড়াই হয়েছে সমানে সমানে। হায়দ্রাবাদ জিতেছে ১৩ বার এবং দিল্লি ১২ বার। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ সাধারণত শুরুতে ব্যাটসম্যানদের সাহায্য করলেও খেলা যত গড়ায়, পিচ তত মন্থর হতে থাকে। ফলে টস জয়ী দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস আজ সমর্থকদের চিন্তায় রাখছে। তাপমাত্রা সর্বোচ্চ ৪০° সেলসিয়াস থাকলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সম্ভাব্য একাদশ:
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, সলিল অরোরা, লিয়াম লিভিংস্টোন, শিভাং কুমার, প্রফুল হিঙ্গ, সাকিব হুসেন।
দিল্লি ক্যাপিটালস: পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটরক্ষক), করুণ নায়ার, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ডেভিড মিলার, আকিব নবী, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন।





