৫ জন রেহাই পেলেও কেন ব্রাত্য উমর-শারজিল? দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় সুপ্রিম রায়ে শোরগোল

দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার এবং এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পেশ করা নথি অনুযায়ী হিংসার নেপথ্যে তাঁদের সরাসরি যোগসাজশ থাকার ইঙ্গিত মিলছে। এই ক্ষেত্রে দীর্ঘদিন জেলে থাকা বা মানবাধিকারের যুক্তির চেয়ে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার গুরুত্ব অনেক বেশি।

তবে এই একই মামলায় স্বস্তি পেয়েছেন গুলফিশা ফাতিমা, মীরান হায়দার-সহ আরও ৫ অভিযুক্ত। তাঁদের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। দিল্লি পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, উত্তর-পূর্ব দিল্লির সেই হিংসা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং তা ছিল দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেই যুক্তিতেই মান্যতা দিল আদালত। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৫ জন মুক্তির স্বাদ পেলেও উমর ও শারজিলের ঠাঁই আপাতত জেলেই।