শৌচালয় না কি রাজপ্রাসাদ? ২ কামরার টয়লেট বানাতে খরচ সাড়ে ৬ লাখ! বাঁকুড়া পুরসভায় শোরগোল

বাঁকুড়া পুরসভার সামনে নির্মীয়মান একটি শৌচালয়কে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। যেখানে সরকারি আবাস যোজনায় আস্ত একটি বাড়ি তৈরির জন্য শহরে ৩ লক্ষ ৬৮ হাজার এবং গ্রামে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়, সেখানে মাত্র দু-কামরার একটি শৌচালয় ব্লকের জন্য ৬ লক্ষ ৫১ হাজার ৭৩৩ টাকা বরাদ্দ হওয়ায় তাজ্জব বাঁকুড়াবাসী।
সম্প্রতি পুরসভার সামনে পুরনো টয়লেট ভেঙে নতুন কাজ শুরু হতেই প্রকল্পের তথ্য সম্বলিত বোর্ড লাগানো হয়। সেই বোর্ডের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল এই ঘটনার ছবি পোস্ট করে সরাসরি ‘কাটমানি’র অভিযোগ তুলেছেন। স্থানীয়দের প্রশ্ন, শৌচালয় তৈরিতে কেন এত বিপুল অর্থ খরচ হচ্ছে? বিতর্ক বাড়তেই রাতারাতি প্রকল্পস্থল থেকে বোর্ডটি সরিয়ে ফেলে ঠিকাদার সংস্থা। বাঁকুড়া পুরসভার দাবি, এই অর্থ বরাদ্দ করেছে ‘সুডা’ (SUDA)। অত্যাধুনিক শৌচালয় তৈরির পরিকল্পনার কারণেই খরচ বেশি হচ্ছে বলে সাফাই দিচ্ছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড।