৪০০ ফুট খাদে ধাক্কা! বিয়ের আগেই প্রেমিকাকে নিয়ে জঘন্য ছক, পুনে হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে পুলিশ। কেতনের বাগদত্তা সিয়া গোয়েল (২০) এবং তার প্রেমিক চেতন চৌধুরীর পরিকল্পনাতেই তাকে লোহাগড় দুর্গে ট্রেকিংয়ের নাম করে ৪০০ ফুট গভীর গিরিখাতে ধাক্কা দিয়ে হত্যা করা হয়েছে।
তদন্তে জানা গেছে, যোধপুরের বাসিন্দা চেতনের সঙ্গে সিয়ার প্রথম আলাপ হয় ক্রিকেট মাঠের সূত্রে। সিয়ার ভাই সাহিলের বন্ধু চেতন এবং সিয়ার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এক বন্ধুর দিওয়ালি পার্টিতে। ডিসেম্বরে তারা যোধপুরের এক বিলাসবহুল হোটেলে সময় কাটায় এবং মে মাসে উদয়পুরে তাদের বিয়ের ভেন্যুও পরিদর্শন করেছিল। পুলিশের জেরায় সিয়া এখন খুনের এক অদ্ভুত কারণ দর্শিয়েছে। তার দাবি, কেতন পরচুলা পরত এবং তোতলামির সমস্যা ছিল, তাই সে তাকে মোটেই পছন্দ করত না। পরিবারকে অপমান না করে বাগদান না ভেঙে বরং প্রেমিককে নিয়ে কেতনকে খুনের পরিকল্পনা করেছিল সে। পুলিশ এখন সিয়া ও চেতনের পূর্বপরিকল্পিত এই অপরাধের সমস্ত দিক খতিয়ে দেখছে।