রাম মন্দিরে দান চুরি আসলে রাবণেরই কাজ! জাকার্তা থেকে গর্জে উঠলেন বাগেশ্বর বাবা

রাম মন্দিরে দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় অভিযুক্ত আটজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলেও, বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী হনুমান কথা পাঠে ব্যস্ত থাকলেও, মন্দিরের এই জালিয়াতির ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

জাকার্তায় ভক্তদের সামনে ধীরেন্দ্র শাস্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা মন্দিরের দান চুরি করেছে, তারা আধুনিক যুগের রাবণ। তিনি বলেন, “রাবণ যেমন মা জানকীকে চুরি করেছিল, এরাও তেমনই কোটি কোটি মানুষের বিশ্বাস চুরি করেছে। এটি কেবল আর্থিক চুরি নয়, এটি ভক্তদের আস্থার ওপর আঘাত।” বাগেশ্বর বাবার মতে, রাবণ যেমন সীতাকে অপহরণ করে নিজের কুল ধ্বংস ডেকে এনেছিল, রাম মন্দিরের চোরদের পরিণামও তেমনই ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, “আমরা খবর পেয়েছি যে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তদন্তে তারা অবশ্যই ধরা পড়বে। সরকার তাদের আইন অনুযায়ী শাস্তি দেবে, কিন্তু ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাবে না।” এই কথা বলার সময় বাগেশ্বর বাবা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সত্য সবসময় তিক্ত হয়, কিন্তু যারা ধর্মের এই বড় পাপ করেছে, তাদের ঈশ্বর কখনোই ক্ষমা করবেন না। জাকার্তায় শাস্ত্রীর এই বক্তব্য মুহূর্তেই ভক্তমহলে ব্যাপক সাড়া ফেলেছে।