৪০০ টাকা কেজিতে খাসির মাংস! বাজারে দাম কমায় মাথায় হাত ব্যবসায়ীদের, ক্রেতাদের ভিড় বারুইপুরের বাইপাসে

পূজা পার্বণের আগে ভোজনরসিক বাঙালিদের জন্য এক দারুণ খবর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর খোদার বাজার বাইপাসের ধারে মাত্র ৪০০ টাকা কেজিতে খাসির মাংস বিক্রি হচ্ছে। যেখানে বর্তমান বাজারে খাসির মাংসের দাম ৭০০ থেকে ৮৫০ টাকা, সেখানে এত কম দামে মাংস পেয়ে ক্রেতারা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন।

জানা গেছে, বারুইপুরে এই সস্তা মাংস কিনতে শিয়ালদহ, বালিগঞ্জ, যাদবপুর, সোনারপুর, ক্যানিং, কাকদ্বীপ এবং নামখানাসহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন। অনেক ক্রেতা তিন থেকে ছয় কেজি পর্যন্ত মাংস কিনে নিয়ে যাচ্ছেন। তাদের মতে, মাংসের মান ভালো এবং দাম অনেক কম, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

মুজিবর মিট শপের বিক্রেতা বাপন পেয়াদা বলেন, ‘’এই খাসিগুলো তালদির হাট, নারকেলডাঙ্গা, রামপুরহাট প্রভৃতি জায়গা থেকে কম দামে কিনে আনা হয়। কম লাভে বেশি মাংস বিক্রি করাই আমাদের মূল লক্ষ্য।’’ আর এক বিক্রেতা শহিদুল পেয়াদা জানান, ‘’প্রত্যেকদিন কমপক্ষে ৮০-৯০ পিস খাসি বিক্রি হচ্ছে।’’

এতে করে বারুইপুরের অন্যান্য বাজারে খাসির মাংসের দাম অনেকটাই কমে গেছে এবং অনেক ব্যবসায়ীর মাথায় হাত পড়েছে। এমন সস্তা মাংসের আগমনে বারুইপুর বাজারের অনেক দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

একজন ক্রেতা জানিয়েছেন, তিনি সবসময় সোনারপুর থেকে মাংস কিনতেন, কিন্তু বারুইপুরে এত কম দামে মাংস পাওয়ায় তিনি এখন এখান থেকেই কিনছেন। দুর্গাপূজার আগে যখন নতুন জামাকাপড় কেনায় পকেট প্রায় ফাঁকা, তখন ৪০০ টাকা কেজিতে খাসির মাংস পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি।