“ভিআইপি টিকিটের দাম ৫০০ টাকা”-কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহ নিয়ে বড় সিদ্ধান্ত মন্দির কমিটির

তারাপীঠের কৌশিকী অমাবস্যায় এবার নিয়মে এক ঐতিহাসিক বদল আনতে চলেছে মন্দির কমিটি। প্রতি বছর এই পবিত্র তিথিতে গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শনের সুযোগ থাকলেও, এ বছর থেকে সেই নিয়মে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সেক্রেটারি পুলক চট্টোপাধ্যায়। এমনকি মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা কিংবা কোনো ভিআইপি— কাউকেই ব্যতিক্রমী ছাড় দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশ নিষেধ সেবাইতদের জন্যও।
মন্দিরে থাকছে তিনটি পৃথক লাইন কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের সুশৃঙ্খলভাবে দর্শনের জন্য মন্দিরে মোট তিনটি লাইন চালুর সিদ্ধান্ত হয়েছে। একটি সাধারণ লাইন, দ্বিতীয়টি ভিআইপি লাইন এবং তৃতীয়টি প্রোটোকল লাইন। তিনটি লাইনই নির্দিষ্ট দিকে এগোলেও কোনো লাইনের কাউকেই গর্ভমন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দির কমিটির সেক্রেটারি স্পষ্ট জানিয়েছেন, ভিআইপি লাইনের জন্য অনলাইনে টিকিট কেটে কাউন্টার থেকে তা সংগ্রহ করতে হবে এবং এর জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে সাধারণ ভক্তদের লাইনের জন্য কোনো ফি লাগবে না।
কবে থেকে শুরু অমাবস্যার তিথি? চলতি বছরে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে এবং তা থাকবে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে ভিড়ের চাপ ও সুরক্ষার কথা মাথায় রেখে ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ নিষেধের এই নিয়ম বলবত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে ভক্তদের প্রবেশের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
কোথায় দাঁড়িয়ে পুজো দেবেন ভক্তরা? গর্ভগৃহে প্রবেশ বন্ধ থাকলেও পুণ্যার্থীরা যাতে নিরাশ না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভগৃহের ঠিক বাইরের বারান্দা থেকেই ভক্তরা মা তারার বিগ্রহ দর্শন করতে পারবেন এবং সেখান থেকেই পুজো দিতে পারবেন। এদিনের নিরাপত্তার দায়িত্বে মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষীদের পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।
প্রশাসনের বিশেষ উদ্যোগ এবছরের কৌশিকী অমাবস্যাকে অন্য মাত্রা দিয়েছে রাজ্য সরকার। মন্দির সাজানোর জন্য ৫ কোটি টাকার বিশেষ ফান্ড বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভক্তদের রাত কাটানোর জন্য প্যান্ডেল ও কপ্টার থেকে পুষ্পবৃষ্টির মতো বিশেষ আকর্ষণের জেরে এবার ভক্তদের ভিড় রেকর্ড ভাঙবে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণেই পুণ্যার্থীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কড়া পদক্ষেপ করেছে মন্দির কমিটি।