মোদীকেও কি অপহরণ করতে পারেন ট্রাম্প? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের মন্তব্যে তোলপাড় দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনার নাটকীয় ‘অপহরণ’ এবং গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই ভারতের রাজনীতিতে শুরু হলো তীব্র তরজা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান সরাসরি প্রশ্ন তুললেন, ভেনেজুয়েলার মতো ভারতকেও কি একই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কি একইভাবে হেফাজতে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প? কংগ্রেস নেতার এই আলটপকা মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।
সম্প্রতি মার্কিন বাণিজ্য নীতির সমালোচনা করতে গিয়ে পৃথ্বীরাজ চৌহান দাবি করেন, আমেরিকা ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে আদতে দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চাইছে। সরাসরি নিষেধাজ্ঞা জারি করতে না পেরে ট্রাম্প এই ‘শুল্ক যুদ্ধ’ শুরু করেছেন বলে তাঁর দাবি। এই প্রসঙ্গেই তিনি ভেনেজুয়েলার উদাহরণ টেনে আনেন। তিনি প্রশ্ন করেন, ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও কি তেমন কিছু করার পরিকল্পনা করছেন?
বিজেপি এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, “কংগ্রেস নিজেদের ভারত-বিরোধী মানসিকতা আবারও স্পষ্ট করে দিল। ভেনেজুয়েলার সঙ্গে ভারতের তুলনা করা নির্লজ্জতা।” গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধী এবং তাঁর দলের নেতারা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইছেন। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের সামনে মাথা নত করছেন। তবে পৃথ্বীরাজ চৌহানের এই ‘অপহরণ’ তত্ত্ব বিতর্ককে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে।