সমবায়ের সাড়ে ৫ কোটি টাকা ‘ গায়েব’, কাঠগড়ায় তৃণমূল প্রধান! ডেবরায় আমানতকারীদের তুলকালাম

কষ্টের উপার্জিত সঞ্চয় সমবায় সমিতিতে রেখেছিলেন সাধারণ মানুষ, কিন্তু আজ সেই টাকা ‘গায়েব’। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের পাটনা সমবায় সমিতিতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ তুলে রাস্তায় নামলেন কয়েকশো আমানতকারী। এই কেলেঙ্কারিতে সরাসরি অভিযোগের আঙুল উঠেছে ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তথা সমবায়ের তৎকালীন বোর্ড সেক্রেটারি জগন্নাথ মুলার বিরুদ্ধে।
মঙ্গলবার ডেবরা-রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকাবাসী। আন্দোলনকারীদের দাবি, সমবায়ের রেজুলেশনে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করছে না। তাঁদের হুঁশিয়ারি, এক মাসের মধ্যে টাকা ফেরত না পেলে প্রধান ও বোর্ড মেম্বারদের বাড়ি ঘেরাও করা হবে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান জগন্নাথ মুলা। তাঁর পাল্টা দাবি, “আন্দোলনকারীরাই ঋণ নিয়ে শোধ করেননি, তাই আমানতকারীরা টাকা পাচ্ছেন না। সাড়ে ৫ কোটি টাকার গল্পটি সাজানো।” তিনি দলের একাংশের বিরুদ্ধেও ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল নেতারা সমবায়গুলিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। অবিলম্বে অভিযুক্ত প্রধানের গ্রেফতারি দাবি করেছে তারা।