মাছ খেতে আর কাঁটার ভয় নেই! জিন এডিটিং-এ দুনিয়ার প্রথম ‘কাঁটাহীন’ মাছ তৈরি করল চিন

মাছে-ভাতে বাঙালির কাছে মাছ খাওয়ার সবচেয়ে বড় ঝক্কি হলো তার কাঁটা। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলেন চিনের বিজ্ঞানীরা। দীর্ঘ ৬ বছরের নিরলস গবেষণার পর তাঁরা তৈরি করেছেন এমন এক মাছ, যার পেশির মধ্যে কোনও ছোট কাঁটা নেই। ‘অ্যাকোয়াকালচার’ জার্নালে প্রকাশিত এই খবরটি ইতিমধ্য়েই বিজ্ঞান ও খাদ্য মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
কীভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের বিজ্ঞানীরা ‘CRISPR/Cas9’ নামক জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে ‘RunX2b’ নামক জিনটিকে সংশোধন করেছেন। এর ফলে কিবাল কেন্দাই মাছের শরীরে ছোট ছোট হাড় বা কাঁটা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানীদের তৈরি এই নতুন জাতের মাছটির নাম রাখা হয়েছে ‘ঝংকে নং ৬’ (Zhongke No 6)।
কেন এই মাছ আলাদা?
কাঁটাহীন: একটি সাধারণ কেন্দাই মাছে প্রায় ৮০টির বেশি ছোট কাঁটা থাকে, নতুন এই মাছে সেই ছোট কাঁটা একদম নেই। তবে মাছের সাঁতার কাটার জন্য প্রয়োজনীয় কঙ্কাল বা বড় হাড় আগের মতোই আছে।
স্বাদ ও পুষ্টি: বিজ্ঞানীরা জানিয়েছেন, কাঁটা না থাকলেও এই মাছের স্বাদ, সুগন্ধ এবং পুষ্টিগুণ সাধারণ মাছের মতোই অটুট।
দ্রুত বৃদ্ধি: এই বিশেষ মাছগুলো সাধারণ মাছের তুলনায় ২৫% দ্রুত বৃদ্ধি পায় এবং এদের খাবারের প্রয়োজনও হয় অনেক কম।
পরিবেশের ভারসাম্য রক্ষার কথা মাথায় রেখে এই মাছগুলিকে প্রজননগতভাবে অক্ষম করা হয়েছে, যাতে তারা বন্য মাছের সঙ্গে মিশে যেতে না পারে। বর্তমানে এটি ল্যাবরেটরিতে সফল হলেও বাজারে কবে আসবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করেনি চিন।