মেট্রোয় অসভ্যতা করলেই মোটা অঙ্কের জরিমানা! যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি

মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! এবার থেকে কলকাতা মেট্রোর ভেতরে নিয়ম ভাঙলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ‘জন বিশ্বাস আইন, ২০২৬’-এর আওতায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষায় ও শৃঙ্খলা বজায় রাখতে জরিমানার হার অনেকটাই বাড়িয়ে দিল। ইতিমধ্যেই বিভিন্ন মেট্রো স্টেশনে নতুন নিয়মাবলীর বিজ্ঞপ্তি টাঙানো শুরু হয়েছে।
একনজরে নতুন জরিমানার হার:
বিনা টিকিটে ধরা পড়লে: জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ বা একজনের টিকিটে দু’জন গেট দিয়ে বের হলেও এই একই জরিমানা কার্যকর হবে।
ধূমপান করলে: কোচ, প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে ধূমপান করলে ২,০০০ টাকা জরিমানা। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে মামলা রুজু হবে, যেখানে জরিমানার পরিমাণ ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি টিকিট বা স্মার্ট কার্ড বাজেয়াপ্ত করারও ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের।
অশোভন আচরণ ও মদ্যপান: মদ্যপ অবস্থায় সহযাত্রীদের বিরক্ত করলে ১,০০০ টাকা জরিমানা অথবা ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড, এমনকি উভয় শাস্তিরই বিধান রাখা হয়েছে। অশালীন ভাষা ব্যবহার বা অভব্য আচরণের জন্য ২৫০ টাকা জরিমানা বা পাস বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে মেট্রো কর্মীদের।
নিষিদ্ধ এলাকায় প্রবেশ: মেট্রো ট্র্যাক বা নির্দিষ্ট নিষিদ্ধ এলাকায় অনুমতি ছাড়া ঢুকলে ৫০০ টাকা জরিমানা। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কর্মীদের জন্য কড়া নিয়ম: কেবল যাত্রী নয়, দায়িত্বে থাকাকালীন কোনো মেট্রো কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার সংস্থান রাখা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের বার্তা: কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের এই নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। স্টেশনগুলোতে নিয়মিত ঘোষণা এবং প্রচারের মাধ্যমে যাত্রীদের সচেতন করার কাজ শুরু করেছে প্রশাসন।