ভোটের আগেই রণক্ষেত্র হৃদয়পুর! বোমাবাজি ও বিজেপি প্রার্থীর ওপর হামলায় তুঙ্গে উত্তেজনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হৃদয়পুর এলাকা। মঙ্গলবার গভীর রাতে হৃদয়পুর রেলগেটের সামনে বোমাবাজি এবং বিজেপির পোস্টার-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে বারাসত ডাকবাংলো মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে খবর, হৃদয়পুর ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন রেলগেট এলাকায় গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দুটি বোমা ফেলে যায়। এর মধ্যে একটি বোমা বিকট শব্দে ফেটে গেলেও অন্যটি না ফাটায় বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। বুধবার সকালে বারাসত রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। নির্বাচনের দোরগোড়ায় এমন ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিজেপির অভিযোগ:
বারাসত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর দাবি, “স্থানীয় কাউন্সিলরের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বিজেপির জয় নিশ্চিত বুঝেই তারা ভয় পেয়ে সন্ত্রাস চালাচ্ছে। আমাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।” তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, দোষীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

তৃণমূলের পাল্টা দাবি:
পাল্টা সুর চড়িয়ে বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ পাইন বলেন, “বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গতকাল রাত ১০টা পর্যন্ত বিজেপি কর্মীরা ওখানে সভা করেছে। তারা নিজেরাই এসব নাটক সাজিয়ে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। তৃণমূলের পতাকাও ছেঁড়া হয়েছে।” তাঁর দাবি, বারাসতে তৃণমূলের নিশ্চিত জয় দেখে বিজেপি প্রমাদ গুনছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy