ভারী বৃষ্টির রেশ কি কাটবে? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট

টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে অবশেষে পরিষ্কার আকাশ ও রোদের মুখ দেখছে তিলোত্তমা কলকাতা. দফায় দফায় ভারী বৃষ্টির পর শক্তিশালী নিম্নচাপটি সরে গিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। তবে এর অর্থ এই নয় যে বর্ষার বৃষ্টি পুরোপুরি বিদায় নিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতার আকাশে আজও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুপুরের দিকে শহর ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার তাপমাত্রা ও আজকের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রেকর্ড করা হয়েছিল এবং দফায় দফায় বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকেও কিছুটা স্বস্তি মিলেছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

নিম্নচাপের তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোপুরি স্বস্তি মিলছে না। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শঙ্কা বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো আছেই, পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।