আয়রন ম্যান নয়! ৭ বছর পর মার্ভেলে ফিরে কোন নতুন ভূমিকায় বক্স অফিসে ঝড় তুলতে চলেছেন রবার্ট ডাউনি জুনিয়র?

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর প্রাণভোমরা ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। ৩২ বিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজির মুকুটে ‘আয়রন ম্যান’ হয়ে তিনি যেমন রাজত্ব করেছিলেন, তেমনই নিজের অনবদ্য অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন পুরো ইউনিভার্সকে। প্রায় সাত বছরের দীর্ঘ বিরতির পর মার্ভেলে তাঁর ঐতিহাসিক প্রত্যাবর্তনের খবর ইতিমধ্যেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে। তবে সবচেয়ে বড় চমক হল, তিনি আর প্রিয় সুপারহিরো ‘আয়রন ম্যান’ হয়ে ফিরছেন না, বরং আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে তাঁকে দেখা যাবে মার্ভেলের সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক ‘ডক্টর ডুম’-এর চরিত্রে। আর অভিনেতা নিজেই এবার স্বীকার করেছেন যে নিজের এই নতুন অবতারটি তিনি আগের চেয়েও অনেক বেশি পছন্দ করছেন!

সম্প্রতি মার্কিন মুলুকে আয়োজিত ডিজনি ও মার্ভেলের জমকালো ফ্যান ফেস্ট ‘ডি টোয়েন্টি থ্রি’(D23)-এ ক্রিস ইভান্স এবং হেইলি অ্যাটওয়েলের সঙ্গে উপস্থিত ছিলেন রবার্ট। খলনায়ক হিসেবে পর্দায় ফেরার রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, “খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল—বাকি সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছে, তারা সবাই ভালো সুপারহিরো, আর আমি একটা মুখোশ এবং হুডি পরে আছি। আমার মনে হচ্ছিল, ওরা সবাই ক্যামেরার একপাশে, আর সবাই যেন আমার ওপর রেগে আছে!”

আয়রন ম্যান না ডক্টর ডুম—কোন চরিত্রটি রবার্টের বেশি পছন্দ? এমন প্রশ্নের জবাবে অস্কারজয়ী এই হলিউড তারকা জানান, যখন কোনও বড় চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে, তখন স্রেফ তা করার মতো দক্ষতা আছে বলেই হ্যাঁ বলে দেওয়া যায় না। বরং সেই চরিত্রটিকে হৃদয়ের অন্দর থেকে সঠিক মনে হতে হবে। ‘ডুমসডে’ ছবির গল্প এবং এর ভেতরের মূল সম্পর্কগুলোর মোচড় এতটাই অপ্রত্যাশিত ও গভীর যে, আপাতত তিনি ‘ডক্টর ডুম’ চরিত্রটিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ এই চরিত্রের সুবাদেই তিনি এতদিন ধরে শুটিং সেটে অন্যদের যা করতে দেখেছেন, তা একদম কাছ থেকে উপভোগ করার সুযোগ পেয়েছেন।

ডিজনি ডি২৩ ইভেন্টে মার্ভেল স্টুডিওর পক্ষ থেকে ভিক্টর ভন ডুম অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘ডক্টর ডুম’-এর একটি বিশেষ লুক প্রকাশ করা হয়। এই নতুন প্রমো ভিডিওটি ভক্তদের মাঝে রীতিমতো উত্তেজনার সুনামি সৃষ্টি করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে মার্ভেলের এই নতুন মহাশত্রু কতটা বিধ্বংসী হতে চলেছে। খবর, ‘থান্ডারবোল্টস’-এর ঘটনার ১৪ মাস পরের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবির কাহিনী। মাল্টিভার্স ধ্বংস করার ক্ষমতা রাখা এই ত্রাসকে রুখতে আর্থ-৬১৬, আর্থ-৮২৫ এবং বিভিন্ন ইউনিভার্সের হিরোরা একসঙ্গে লড়াই করতে নামবেন। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত রুশো ব্রাদার্স (অ্যান্টনি এবং জো রুশো)।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে মার্ভেল ইউনিভার্সের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এক বিশাল তারকা বহরকে একসঙ্গে দেখা যাবে। রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও এই তালিকায় রয়েছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, টম হল্যান্ড, পেদ্রো পাসকাল, পল রুড, ফ্লোরেন্স পিউ, টম হিডেলস্টন, প্যাট্রিক স্টুয়ার্ট এবং স্যার ইয়ান ম্যাককেলেন সহ হলিউডের একঝাঁক হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রী। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলা এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। আর ওদিকে আয়রন ম্যানের গৌরবময় অধ্যায় পেছনে ফেলে রবার্ট ডাউনি জুনিয়র এখন ডক্টর ডুম হিসেবে বক্স অফিস কাঁপাতে সম্পূর্ণ প্রস্তুত।