ভয়াল রাত! বন্ধুর সঙ্গে ডিনারে গিয়েই গণধর্ষণের শিকার ওড়িশার ছাত্রী, রাতারাতি ৩ জনকে ধরল পুলিশ, ‘কীভাবে ফাঁসলো অভিযুক্তরা?

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বড় সাফল্য পেল রাজ্য পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং অপরাধস্থল লাগোয়া জঙ্গলে রাতভর তল্লাশি চালানোর পরই তাদের জালে পুরতে সক্ষম হয় পুলিশ।
তবে, এই গণধর্ষণের ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গেছে। পুলিশ ধৃত তিনজনের পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি। এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্তের স্বার্থে আরও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ সূত্রে খবর, ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত শুক্রবার রাতে ওই ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে কলেজের ক্যাম্পাস থেকে ডিনারের জন্য বাইরে গিয়েছিলেন। ক্যাম্পাসের বাইরে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
বর্তমানে নিগৃহীতা ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
রাজনৈতিক চাপানউতোর:
এই ঘটনার পরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।
যদিও দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে তিন অভিযুক্তকে গ্রেফতার করার পর, বাকি অভিযুক্তদেরও দ্রুত পাকড়াও করার আশ্বাস দিয়েছে পুলিশ। এই মুহূর্তে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।