বাড়ির ক্রেতাদের জন্য বড় খবর, এবার নিয়ম ভাঙলে মোটা জরিমানার মুখে প্রমোটাররা!

উত্তরপ্রদেশ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (UP RERA) স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর। আর্থিক বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে বার্ষিক অডিট রিপোর্ট আপলোড না করায় রাজ্যের ৭৬টি রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোটারদের কারণ দর্শানোর নোটিশ (Show-cause notice) জারি করেছে কর্তৃপক্ষ।

নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রমোটারকে একজন স্বাধীন অডিটরের মাধ্যমে প্রকল্পের হিসাব নিরীক্ষা করিয়ে তা রেরার পোর্টালে আপলোড করতে হয়। প্রকল্পের আর্থিক অবস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও ৭৬টি প্রজেক্ট এই নিয়ম লঙ্ঘন করেছে।

কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, শুরুতে ২৫,০০০ টাকা বিলম্ব ফি ধার্য করা হলেও, নিয়ম না মানলে প্রজেক্টের মোট খরচের ওপর ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। রেরার চেয়ারম্যান সঞ্জয় ভূসরেড্ডি জানিয়েছেন, অডিট রিপোর্ট ক্রেতাদের কাছে প্রকল্পের সঠিক তথ্য পৌঁছে দেয় এবং তাদের আস্থা অর্জন করে। আবাসন খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ম মানতেই হবে—এমনটাই স্পষ্ট বার্তা কর্তৃপক্ষের।