কৈলাস মানসসরোবর যাত্রা নিয়ে বড় সতর্কবার্তা! বিদেশ মন্ত্রকের বিশেষ অ্যাডভাইজরি

কৈলাস মানসসরোবর যাত্রা নিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য জরুরি অ্যাডভাইজরি জারি করল বিদেশ মন্ত্রক। সরকারি ছাড়পত্র বা বৈধ চিনা ভিসা ছাড়া ব্যক্তিগত টুর অপারেটরদের মাধ্যমে যাত্রা না করার কড়া বার্তা দিয়েছে মন্ত্রক।
সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে ৫২ জন ভারতীয় তীর্থযাত্রীর আটকে পড়ার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে সরকার। সঠিক নথিপত্র ও পারমিট না থাকায় বর্তমানে তাঁরা সেখানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁদের উদ্ধার ও সহায়তার প্রক্রিয়া চলমান থাকলেও, অন্য যাত্রীদের সতর্ক করাই এখন মন্ত্রকের মূল লক্ষ্য।
বিদেশ মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, “কাগজপত্র পরে পাওয়া যাবে”—এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করে যাত্রা শুরু করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তীর্থযাত্রীদের প্রতি মন্ত্রকের আর্জি, যে কোনো টুর অপারেটরের মাধ্যমে বুকিং করার আগে তাদের বৈধতা ও সরকারি অনুমোদনের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন। অবৈধ বা অনিবন্ধিত অপারেটরের মাধ্যমে যাত্রা করলে বিদেশের মাটিতে আইনি ও সুরক্ষা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। এই পবিত্র যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।