ব্লক কমিটি ঘোষণার পরই পদত্যাগ! হাওড়ার তৃণমূল বিধায়ক সমীর পাঁজার পদত্যাগের কারণ কী?

হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণার পর পরই পদত্যাগ করলেন জেলা চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। শনিবার নতুন কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই তিনি তাঁর পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-র কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

বিধায়ক সমীর পাঁজা তাঁর পদত্যাগের কারণ হিসেবে ব্লক সভাপতি পদে পরিবর্তন না হওয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, “আমি আমতা, উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের বদলে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। এই বিষয়ে দলীয় নেতৃত্ব বৈঠক করার আশ্বাসও দিয়েছিল, কিন্তু তা আর হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন যে, কমিটি ঘোষণার আগে তিনি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি। যে তিনটি কেন্দ্রের সভাপতির পদ পরিবর্তনের কথা তিনি বলেছিলেন, সেই কেন্দ্রগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। এই ঘটনার প্রতিবাদেই তিনি জেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান।