প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল! ‘জয় জুবিন দা’ স্লোগানে মুখরিত বিমানবন্দর

জনপ্রিয় অসমীয়া সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-এর মরদেহ রবিবার গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছনোর পর সেখানে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে হাজার হাজার ভক্ত বিমানবন্দরের বাইরে ভিড় করেন।

জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ অশ্রুসিক্ত চোখে স্বামীর মরদেহ গ্রহণ করেন। কফিন বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। এই শোকযাত্রায় ভক্তরা জুবিনের গান গেয়ে এবং ‘জয় জুবিন দা’ স্লোগান দিয়ে তাঁকে শেষ সম্মান জানান। অনেকের হাতে ছিল শিল্পীর প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া গামোসা, যা তাঁর প্রতি মানুষের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ।

‘কিং অফ হামিং’ নামে পরিচিত এই শিল্পীর মরদেহ সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে গুয়াহাটিতে আনা হয়। দিল্লির বিমানবন্দরে তাঁকে শ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।

অসম সরকার জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। রাজ্য সরকার জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুবিন গর্গের দেহ গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে, যাতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।