আরজি কর দুর্নীতি মামলা; বড় স্বস্তি আশিস পাণ্ডের! শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস কুমার পাণ্ডেকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ এই নির্দেশ দেন। মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত আশিসের জামিনের জন্য বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং ১০,০০০ টাকা করে দু’জন জামিনদারের বিনিময়ে আশিস মুক্তি পাবেন। তবে এই দুই জামিনদারের মধ্যে অন্তত একজনকে স্থানীয় বাসিন্দা হতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত। জামিন পেলেও আশিসের ওপর বিচার প্রক্রিয়ার খাতিরে বেশ কিছু বিধিনিষেধ কার্যকর থাকবে। আদালত নির্দেশ দিয়েছে, বিচার চলাকালীন প্রতিটি নির্ধারিত দিনে ট্রায়াল কোর্টে তাঁকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে। এছাড়া, বিচারিক কার্যক্রমে অংশ নেওয়া ছাড়া তিনি আপাতত কলকাতায় প্রবেশ করতে পারবেন না। যদি বিশেষ প্রয়োজনে তাঁকে কলকাতায় আসার প্রয়োজন হয়, তবে ট্রায়াল কোর্টের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং আদালতের বেঁধে দেওয়া সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সেখানকার আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের জালে ধরা পড়েন সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশিস পাণ্ডে। ঘটনার দিন সেমিনার রুমের আশেপাশে তাঁর উপস্থিতি নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। ২০১৭ সালে আরজি কর থেকে এমবিবিএস শুরু করা আশিস ২০২২-২৩ সালে ইন্টার্নশিপ শেষ করেন এবং পরে হাউস স্টাফ হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে আরজি করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট গঠিত হলে তিনি সভাপতি নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছত্রছায়ায় আরজি কর হাসপাতালে দুর্নীতির যে সুসংগঠিত মডেল গড়ে উঠেছিল, সেখানে মূল কারিগরদের একজন ছিলেন এই প্রভাবশালী ছাত্রনেতা। হাসপাতালের সমস্ত গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তের নেপথ্যে তাঁর এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যোগসূত্র নিয়ে নানা মহলে চর্চা ছিল। এখন এই জামিনের ফলে আগামী দিনে তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।