বিশ্বকাপের ঠিক আগে ইরানকে বড় ধাক্কা! হাজার হাজার সমর্থকের টিকিট বাতিল করল ফিফা?

ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক ৪৮ ঘণ্টা আগে নতুন করে বিতর্ক উসকে দিল টিকিট সংক্রান্ত জটিলতা। ইরান ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, তাদের দলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বরাদ্দকৃত টিকিটগুলো কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার স্বপ্ন অনিশ্চয়তায় পড়েছে বহু সমর্থকদের।

কী জানিয়েছে ইরান? ইরান ফুটবল ফেডারেশনের দাবি, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের সমর্থকদের জন্য ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়। সেই নিয়ম মেনেই তারা টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু আচমকাই এই বরাদ্দ বাতিল করে দেওয়ায় ফেডারেশন তাদের সমর্থকদের কাছে আর কোনো টিকিট সরবরাহ করতে পারছে না। বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, “অনেক সমর্থক ইতিমধ্যেই ম্যাচ দেখার সমস্ত পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছেন। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নিরপেক্ষতা ও ন্যায্যতার পরিপন্থী।”

সংকট কেন? বিশ্লেষকদের মতে, এই টিকিট বিতর্ক মূলত ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। এর আগেও ইরান দলের ভিসা জটিলতা এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কারণে ইরান দলের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফিফা কিংবা মার্কিন আয়োজক কমিটির পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অনিশ্চয়তায় সমর্থকরা: আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরানের। এরপর বেলজিয়াম ও মিশরের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। টিকিটের এই জটিলতা শুধু সমর্থক নয়, বরং টুর্নামেন্টের সার্বিক পরিবেশ নিয়েও বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy