সন্ত্রাসবাদী ও গ্যাংস্টারদের আঁতুড়ঘর ভাঙতে মরিয়া জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার পাঞ্জাব এবং হরিয়ানার মোট ১৮টি জায়গায় একযোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করলেন এনআইএ-র গোয়েন্দারা। পাকিস্তানভিত্তিক কুখ্যাত জঙ্গি শাহজাদ ভাট্টির সঙ্গে যোগসাজশের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার তদন্তেই এই অভিযান চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে নাশকতার ছক কষছে শাহজাদ ভাট্টি। এই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে স্থানীয় গ্যাংস্টারদের গভীর যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অস্ত্র পাচার থেকে শুরু করে ভয় দেখিয়ে তোলা আদায়ের মাধ্যমে কীভাবে সন্ত্রাসের অর্থায়ন করা হচ্ছে, সেই সূত্র খুঁজতেই আজ সকাল থেকে এই তল্লাশি শুরু করেন তদন্তকারীরা।
পাঞ্জাবের বিভিন্ন এলাকা এবং হরিয়ানার সন্দেহভাজন ডেরাগুলোতে এনআইএ-র এই সাঁড়াশি অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় এই তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানের ফলে জঙ্গি নেটওয়ার্কের অনেক গোপন নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। নাশকতার নীল নকশা তৈরিতে কারা মদত দিচ্ছে, তাদের ধরতে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





