পারস্য উপসাগরে যুদ্ধের দামামা! ইরানকে ভাতে মারতে জলপথ অবরোধ করলেন ট্রাম্প

ইসলামাবাদে পরমাণু ইস্যুতে আয়োজিত শান্তি বৈঠক মাঝপথে ভেস্তে যেতেই ইরানকে নিয়ে চরম পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে ইরানের জলপথ পুরোপুরি অবরোধ করার নির্দেশ দিয়েছেন এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ট্রাম্পের সাফ কথা, “ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। ইরান বিশ্বকে ব্ল্যাকমেল করবে, এটা আমরা মেনে নেব না।” তিনি আরও দাবি করেন, এই অবরোধের ফলে ইরান চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে তাঁকে ফোন করেছিল।

এদিকে আমেরিকার এই রণকৌশলকে ‘জলদস্যুতা’র সঙ্গে তুলনা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, “পারস্য উপসাগর এবং ওমান উপসাগর হয় সকলের জন্য মুক্ত থাকবে, নাহলে কারও জন্যই নয়।” উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীর দখল রাখা ইরান সোমবার হুঁশিয়ারি দিয়েছে যে, সেখানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ দেখা গেলে তাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে গণ্য করা হবে এবং পালটা প্রত্যাঘাত করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy