শিলিগুড়ির মেফেয়ার টি রিসর্টে তখন শ্রেয়া এবং অক্ষয়ের বিয়ের সানাই বাজছে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই শুরু হল তুমুল শোরগোল। চতুর্দিক মুড়ে ফেলা হলো কড়া নিরাপত্তা বলয়ে, হাজির হলেন একের পর এক নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। আমন্ত্রিতরা যখন হতভম্ব, ঠিক তখনই সেখানে প্রবেশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটপ্রচারের জন্য শিলিগুড়ি সফরে এসে এই রিসর্টেই উঠেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতির কারণে স্বভাবতই রিসর্ট জুড়ে হাই-সিকিউরিটি জারি ছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নিজে হেঁটে নবদম্পতির সামনে গিয়ে হাতজোড় করে দাঁড়ান। তিনি শ্রেয়া ও অক্ষয়ের কাছে ক্ষমা চেয়ে বলেন, তাঁর নিরাপত্তার কারণে বিয়ের অনুষ্ঠানে যদি কোনও বিঘ্ন ঘটে থাকে বা অতিথিদের অসুবিধা হয়, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। প্রধানমন্ত্রীর এই অকল্পনীয় সৌজন্য দেখে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলে। তাঁরা সমস্বরে জানান, তাঁদের কোনও অসুবিধা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় মোদীর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গি এখন তুমুল ভাইরাল।





