নিট কাণ্ডে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি, মহুয়া মৈত্রের আকুল আবেদন!

দিল্লির যন্তরমন্তরে নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়ে অনশনরত প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠেছে। টানা ১৭ দিনের অনশনের ফলে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে, যা দেশজুড়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সমাজকর্মীর জীবন বাঁচাতে আসরে নেমেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় মহুয়া মৈত্র সোনমকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি লেখেন, “সরকার আপনার বা দেশের কোটি কোটি যুবকের ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়। কিন্তু দেশের স্বার্থে এবং আমাদের জন্য আপনার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। দয়া করে অনশন প্রত্যাহার করুন এবং অন্য উপায়ে লড়াই জারি রাখুন।”

উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রের নীরবতার প্রতিবাদে গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন লদাখের এই সমাজকর্মী। টানা অনশনের অভিঘাতে ইতিমধ্যেই তাঁর শরীরের ওজন কমেছে প্রায় ৮.২ কেজি। আন্দোলনকারী ‘ককরোচ জনতা পার্টি’-র তথ্য অনুযায়ী, সোনমের রক্তে গ্লুকোজের মাত্রা উদ্বেগজনকভাবে কমে ডেসিলিটার প্রতি ৬৭ মিলিগ্রামে নেমে এসেছে এবং রক্তচাপ ১০৭/৭০-এ দাঁড়িয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার যন্তরমন্তরের অনশন মঞ্চে সোনম ওয়াংচুকের সাথে দেখা করে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং প্রখ্যাত অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরা সকলেই একযোগে সোনমের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে নিজের দাবিতে অনড় লদাখের এই শিক্ষাবিদ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কেবল একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। তাঁর কথায়, “আমি গান্ধী নই, কোনো সুপারহিরোও নই। নিজের হিরো নিজে হোন এবং নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করুন।”

আগামী ২০ জুলাই নিট দুর্নীতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ সংসদ অভিযানের ডাক দিয়েছে। সরকারের প্রতি আবেদন জানিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, এটিকে অহংকারের লড়াই হিসেবে না দেখে সমস্যার সমাধান করা উচিত। সরকারের এই অনড় মনোভাবের ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়।