চালক ছাড়াই ছুটবে কলকাতা মেট্রো! গ্রিন লাইনে আধুনিক প্রযুক্তি চালুর তোড়জোড়, মিলল সবুজ সংকেত

কলকাতা মেট্রো রেলের মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। চালক ছাড়াই এবার ছুটতে চলেছে মেট্রো। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর বা ‘গ্রিন লাইন’-এ দ্রুত চালু হতে চলেছে এই অত্যাধুনিক চালকবিহীন ট্রেন পরিষেবা। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) এই গোটা ব্যবস্থার নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক খতিয়ে দেখার পর অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ফলে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালুর অপেক্ষায় শহরবাসী।
গত ১১ জুলাই রবিবার মেট্রো কর্তৃপক্ষের আয়োজিত এক বিশেষ পরিদর্শনে CRS-এর প্রতিনিধিরা গ্রিন লাইনের অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। ট্রেনের গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্টেশনে নিখুঁতভাবে ট্রেন থামানো এবং সুরক্ষাজনিত প্রতিটি ধাপ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। এই আধুনিক প্রযুক্তি ও সুরক্ষাবিধি যাচাইয়ের পর CRS-এর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।
কলকাতা মেট্রোর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের মধ্যে যাতে কোনো আতঙ্ক না ছড়ায়, সেই কারণে আপাতত চালকহীন মেট্রো চললেও কেবিনে একজন চালক উপস্থিত থাকবেন। তবে এই ব্যবস্থায় মোটরপ্যানের কাজের পরিধি অনেকটাই কমে আসছে। স্টেশনের দরজা বন্ধ করা এবং শুধুমাত্র স্টার্ট (Start) বোতামটি টিপলেই মেট্রো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে স্বয়ংক্রিয়ভাবে যাত্রা শুরু করবে। গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরবর্তী স্টেশনে সঠিক জায়গায় ট্রেন থামানো—পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে অত্যাধুনিক কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং প্রযুক্তির মাধ্যমে।
প্রসঙ্গত, দিল্লি এবং বেঙ্গালুরুর মতো ভারতের অন্যান্য মেট্রো শহরে ইতিমধ্যেই চালকবিহীন ট্রেন পরিষেবা চালু রয়েছে। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছে কলকাতা। এই সিবিটিসি প্রযুক্তির সফল প্রয়োগ ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের আরও দ্রুত ও নিরাপদ পরিষেবা প্রদানে বিশেষ ভূমিকা পালন করবে। আনুষ্ঠানিক সবুজ সংকেত পেলেই তিলোত্তমায় এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে, যা আধুনিক গণপরিবহন ব্যবস্থায় কলকাতাকে আরও কয়েক ধাপ এগিয়ে দেবে।