এবার হোয়াটসঅ্যাপেই মনে থাকবে সবার জন্মদিন! আসছে দারুণ এক ফিচার

প্রিয়জন বা পরিচিতদের জন্মদিন মনে রাখা অনেকের কাছেই বেশ ঝক্কির কাজ। কর্মব্যস্ততার মাঝে প্রিয় মানুষের বিশেষ দিনটিতে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে জন্মদিনের নোটিফিকেশন সুবিধা। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুদের জন্মদিনের কথা মনে করিয়ে দেবে।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি সম্পর্কে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘WABetainfo’-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি ডেডিকেটেড উইন্ডো বা পেজ তৈরির পরিকল্পনা করছে। সেখানে ব্যবহারকারীরা নিজেদের জন্মদিনের তথ্য যোগ করে রাখতে পারবেন। যেদিন কারো জন্মদিন হবে, সেদিন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠিয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে। এর ফলে প্রিয়জনকে উইশ করা আরও সহজ হয়ে উঠবে।

তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক বা অপশনাল। কোনো ব্যবহারকারী যদি তার জন্মদিনের তথ্য গোপন রাখতে চান, তবে তিনি সেটি প্রোফাইলে যোগ না-ও করতে পারেন। সেক্ষেত্রে অন্য কারো কাছে ওই ব্যক্তির জন্মদিনের কোনো নোটিফিকেশন পৌঁছাবে না। ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচারটি ডিজাইন করা হচ্ছে।

বর্তমানে ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি বিটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হবে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হবে। তবে কবে নাগাদ এই ফিচারটি ব্যবহার করা যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, একইসঙ্গে হোয়াটসঅ্যাপ তাদের ‘ইউজারনেম’ ফিচারটি নিয়েও কাজ চালিয়ে যাচ্ছে। তবে নিরাপত্তার খাতিরে এবং সম্ভাব্য প্রতারণার ঝুঁকি এড়াতে ভারত সরকার এই ফিচারটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এ কারণে ইউজারনেম ফিচারটি এখনো পাবলিক রোলআউটের অপেক্ষায় রয়েছে। তবে সব মিলিয়ে হোয়াটসঅ্যাপের আসন্ন জন্মদিনের ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।