দ্বিগুণ টাকা থেকে এককালীন ৫০ হাজার, ছাত্রীদের জন্য কী কী আনলেন মুখ্যমন্ত্রী?

আজ পশ্চিমবঙ্গজুড়ে পালিত হলো কন্যারত্ন দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখেই রাজ্যের ছাত্রীদের জন্য একাধিক বড় স্কলারশিপ এবং আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের স্কুলছাত্রীদের বার্ষিক অনুদান এক ধাক্কায় দ্বিগুণ করার কথা জানানো হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার।
এদিন রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্কিম এবং নতুন ‘কন্যারত্ন স্কলারশিপ’। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিবেকানন্দ স্কলারশিপ এবং মেধাবী ছাত্রীদের বিশেষ সাহায্যের বিষয়টিও এই ঘোষণায় স্থান পেয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দেশের অন্যান্য রাজ্যে আগে থেকেই এই প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গে এতদিন তা রূপায়ণ করা হয়নি। তবে আজ থেকে রাজ্যে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
দ্বিগুণ হচ্ছে স্কুলছাত্রীদের অনুদান
রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বার্ষিক ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে অনুদান পাবেন। তবে চলতি বছরে ১ হাজার টাকা করেই দেওয়া হবে।
এদিনের এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরে মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই আর্থিক সহায়তা পাবে। ইতিমধ্যে স্কুলগুলির মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজই প্রথম দফায় ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলগুলি যত দ্রুত বাকি তালিকা পাঠাবে, সেই অনুযায়ী বাকি টাকাও দ্রুত ছাড়পত্র পেয়ে যাবে। এই মর্মে আজই রাজ্য সরকারের পক্ষ থেকে ৪০০ কোটি টাকা সরাসরি ফান্ডে ট্রান্সফার করা হয়েছে।
উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা সহায়তা
উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে অর্থাভাব কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনা মাঝপথে যাতে থেমে না যায়, তার জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটের প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া নতুন কন্যারত্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের নিয়মিত অর্থনৈতিক অনুদান দেওয়া হবে। পাশাপাশি যেসব ছাত্রছাত্রী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করবেন, তাঁদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনার বিশেষ আর্থিক সহায়তা প্রকল্পও চালু রাখা হচ্ছে।
উচ্চশিক্ষা এবং বিদেশে পড়ার জন্য বিশেষ তহবিল
সাধারণ শিক্ষার গণ্ডি পেরিয়ে যেসব পড়ুয়া উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি দিচ্ছেন কিংবা জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হচ্ছেন, তাঁদের জন্য আলাদা তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই তহবিল থেকে মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে।
অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি শিক্ষার্থীর পাশে সরকার সব সময় রয়েছে। ছাত্রীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে রাজ্য প্রশাসন বদ্ধপরিকর।