“বন্ধ গাড়ির ভিতর রসায়ন শিক্ষকের রহস্যমৃত্যু! ঠিক কী ঘটেছিল হামিরপুরে?”

রাস্তার ধারে পার্ক করা একটি বন্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক স্কুল শিক্ষকের নিথর দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচল প্রদেশের হামিরপুর জেলার নাদাউন এলাকায়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান হলেও, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম ব্যাস দেব। তিনি মাণ্ডি জেলার বলদওয়াড়া তহসিলের বাহণু গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি কাংড়া জেলার মঝীণ এলাকার একটি সরকারি স্কুলে রসায়নের লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্কুলে ছুটি থাকায় গত কয়েক দিন ধরে নিজের বাড়িতেই ছিলেন ব্যাস দেব। বুধবার তিনি নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর লাহড় কোটলু গ্রামের মঝেলি চকের কাছে পৌঁছনোর পর আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। দীর্ঘক্ষণ গাড়িটি ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা কাছে গিয়ে দেখেন, গাড়ির ভেতরে সিটে নিথর অবস্থায় বসে রয়েছেন শিক্ষক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা গাড়ি থেকে শিক্ষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আইনি প্রক্রিয়া শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েই গাড়ি চালানোর সময় বা ঠিক তার পরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র বা জোড় বলপ্রয়োগের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে আকস্মিক এই মৃত্যু ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষকের আকস্মিক মৃত্যুর খবর তাঁর পরিবারে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শোকস্তব্ধ তাঁর সহকর্মী ও পরিচিতরা।