“দেবীপক্ষেই ‘মহিষাসুর’ বধ!”-মহিলা পুলিশের এনকাউন্টারে আহত দুষ্কৃতী, চাইলেন ক্ষমা

দেবীপক্ষ শুরু হতেই উত্তরপ্রদেশের মহিলা পুলিশ বাহিনী যেন দুর্গামূর্তি ধারণ করেছে। সম্প্রতি গাজিয়াবাদের সিহানি গেট থানা এলাকার এক মহিলা পুলিশ টিম এনকাউন্টার করে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আহত দুষ্কৃতীকে পুলিশের পায়ে পড়ে কাঁদতে ও ক্ষমা চাইতে দেখা যাচ্ছে।

সোমবার রাতে নিয়মিত তল্লাশি চলাকালীন জিতেন্দ্র নামে এক দুষ্কৃতী স্কুটি নিয়ে আসছিল। মহিলা পুলিশ কর্মীদের দেখে সে পালানোর চেষ্টা করে, কিন্তু পিছলে পড়ে যায়। তখনই সে পুলিশের দিকে গুলি চালায়। মহিলা পুলিশকর্মীরা পাল্টা গুলি চালালে তার পায়ে গুলি লাগে। এই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলি খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে দুষ্কৃতী। তার চারপাশে দাঁড়িয়ে থাকা মহিলা পুলিশকর্মীরা তাকে বলছেন, “আর পুলিশের ওপর গুলি চালাবি? কেন চালিয়েছিলি?” এরপর ওই দুষ্কৃতী মহিষাসুরের মতো পুলিশের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। পরে মহিলা পুলিশকর্মীদের কাঁধে ভর দিয়েই তাকে পুলিশের গাড়িতে ওঠানো হয় এবং চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার উপাসনা পান্ডে জানান, পুলিশের দল ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি চুরি যাওয়া স্কুটি, একটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। যোগীরাজ্যে অপরাধ দমনের এই কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।