নিম্নচাপের দাপটে ভিজবে দক্ষিণবঙ্গ! টানা ৫ দিন ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি সবথেকে বেশি তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার থেকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। রবিবার দুর্যোগ আরও বাড়তে পারে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমান জেলায় থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
সোমবারও দুর্যোগ কমার বিশেষ সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবারও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।
নিম্নচাপের এই প্রভাবের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই প্রতিকূল আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাতের অভিমুখ উত্তরবঙ্গের দিকে সরতে পারে। বৃষ্টির জেরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।