দিল্লির রেশ কাটেনি, বারাবাঁকির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, আহত ৫

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের রেশ কাটার আগেই এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বারাবাঁকির একটি বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে দুইজনের মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কয়েক কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ, এলাকায় আতঙ্ক

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। দিল্লির ঘটনার পর থেকেই সর্বত্র হাই অ্যালার্ট জারি ছিল। ঠিক তার মাঝেই এই বিস্ফোরণ ঘটায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপণ নিয়ম না মানার অভিযোগ

বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কারখানার শ্রমিকরা যখন ভিতরে কাজ করছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটে। অগ্নিনির্বাপণ (Fire Safety) সংক্রান্ত মানদণ্ডগুলি যথাযথভাবে পালন না করার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে।